
কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মেঘনা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“শিক্ষিত যুব সমাজ—আগামীর সমৃদ্ধ বাংলাদেশ”
“মেধা, মনন ও মূল্যবোধে গড়বো সমৃদ্ধ মেঘনা”
“আজকের মেধা—আগামী দিনের নেতৃত্ব”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার সভাপতি আমির ইসলাম রহিম।
মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম হাওলাদার ও চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার আহম্মেদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ মোখলেছুর রহমান এবং মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তামিম ইব্রাহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের নেতা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দল-মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি মেঘনায় একটি সর্বজনীন ও শিক্ষাবান্ধব আয়োজনের রূপ নেয়।
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব। এ ধরনের আয়োজন মেধাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দিতে অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ মেঘনা ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

